
নিজস্ব প্রতিবেদক, লালমনিরহাট:
লালমনিরহাটের হাতীবান্ধায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান আমান সিমেন্টের উদ্যোগে ‘নির্মাণশিল্পী সম্মেলন-২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘কাজ করি দেশ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে অত্র বৃহস্পতিবার স্থানীয় অবকাশ কমিউনিটি সেন্টারে এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল লক্ষ্য ছিল নির্মাণশিল্পীদের কাজের স্বীকৃতিস্বরূপ সম্মাননা জানানো এবং তাঁদের আধুনিক নির্মাণ প্রযুক্তির সাথে পরিচয় করিয়ে দেওয়া।
আমান সিমেন্টের পরিবেশক মেসার্স নুরীন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোঃ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমান সিমেন্টের কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার ডেপুটি ম্যানেজার জনাব মোঃ কামরুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে জনাব মোঃ কামরুজ্জামান বলেন, “দেশের টেকসই অবকাঠামো উন্নয়নে নির্মাণশিল্পীদের ভূমিকা অনস্বীকার্য। ২০২৬ সালেও আমান সিমেন্ট গুণগত মান বজায় রেখে দক্ষ কারিগরদের সাথে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ক্রেডিট রিকভারি বিভাগের জনাব মোঃ বোরহান এবং টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জনাব মোঃ সেলিম। বক্তারা আধুনিক নির্মাণশৈলীর বিভিন্ন কারিগরি দিক এবং গুণগত মানসম্পন্ন সিমেন্টের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।
পুরো আয়োজনটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আমান সিমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ জনাব মোঃ ফারুক হোসেন এবং টেকনিক্যাল সাপোর্ট রংপুর রিজিয়নের ইঞ্জিনিয়ার জনাব মোঃ জুবাইদুল ইসলাম।
সম্মেলনে স্থানীয় শতাধিক নির্মাণশিল্পী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত নির্মাণশিল্পীদের হাতে বিশেষ সম্মাননা ও উপহার তুলে দেওয়া হয়। আমান সিমেন্টের এই ব্যতিক্রমী আয়োজনে নির্মাণশিল্পীরা সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে দেশের অবকাঠামো উন্নয়নে আরও নিষ্ঠার সাথে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।