নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রাজনীতি ও আসন্ন নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিস্ফোরক ও তাৎপর্যপূর্ণ অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাদাফ সুলতান ফাউন্ডেশনের চেয়ারম্যান আল-মাহমুদ সানি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি তরুণ প্রজন্মকে অবমূল্যায়ন, দৃশ্যমান উন্নয়ন না করে ছবি তোলার রাজনীতি এবং সুবিধাবাদীদের কড়া সমালোচনা করেছেন। একই সাথে তিনি আগামীতে পৌরসভা ও উপজেলা নির্বাচনে তরুণদের পক্ষে শক্ত অবস্থানে থাকার ঘোষণা দিয়েছেন।
ফেসবুক পোস্টে আল-মাহমুদ সানি স্পষ্ট ভাষায় লেখেন:
"তরুণ প্রজন্মকে সাইড বেঞ্চে রেখে যারা মাঠ গোছাতে চাইবে, তাদের বিরুদ্ধে শক্ত ভূমিকায় ইনশাআল্লাহ আমি থাকবো; হোক সেটা পৌরসভা নির্বাচন, হোক উপজেলা নির্বাচন। সকলের সহযোগিতা চাই। আমার বাড়ি, আমার সমাজ, আমার গ্রাম, আমার পৌরসভা, আমার উপজেলা আমি নিজে গড়বো, দালাল-লুটতরাজদের কাছে মাথা বিক্রি করবো না।"
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, কেবল ছবি তুলে বা গ্রামীণ মাতব্বরদের ওপর ভরসা করে নির্বাচন পার হওয়া এখন আর সম্ভব নয়। তিনি বলেন, "আপনি দৃশ্যমান উন্নয়ন করেন, জনগণই আপনারে খুঁজবে। এর সাথে ওর সাথে ছবি তুলে, এই গ্রামের মাথা, ঐ গ্রামের নেতারে ধরে নির্বাচনের দিন শেষ।"
সোনারগাঁয়ের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এক "খিচুড়ি" রূপক ব্যবহার করে সানি লেখেন, "একজনরে আখের গোছাতে শাক শুঁটকিয়ে খিচুড়ি পাকানোর চেষ্টা দেখে আমারও মনডায় চায় রাজনীতির মাঠে নিজের নামটা পুরোপুরি লেখাই। আচ্ছা আপনারাই কন, শাক শুঁটকিয়ে কি খিচুড়ি হয়?"
অন্যান্য নেতাদের যোগ্যতার ঘাটতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, "আপনার ডিগ্রি আমার থাকলে আমি সোনারগাঁও উপজেলার চেহারাই পাল্টে দিতাম। তারপরও যতটুকু পারছি করছি সাধারণের জন্য, খেলোয়াড়দের জন্য। কে কে কি করছেন নির্বাচন প্রত্যাশী শ্রদ্ধেয় নেতারা, সৎ সাহস থাকলে জানাবেন।"
আগামী নির্বাচনে নিজের অংশ নেওয়ার প্রচ্ছন্ন ইঙ্গিত দিয়ে এই তরুন সমাজসেবক বলেন, "অনেকে পোস্টার টাঙিয়েছেন, দোয়া চেয়েছেন। দল-মত নির্বিশেষে আমি যদি নির্বাচনের মাঠে নামি, খিচুড়ি ওয়ালার থেকে মনে হয় কম যাবো না। আমি যদি ৪০-৫০ লাখ ক্যাশ টাকার মালিক হতাম, কয়জনকে জনমকার রাজনীতি শিখাতাম!"
সর্বশেষে সাধারণ মানুষের কাছে দোয়া চেয়ে তিনি লেখেন, "আমি সানি সাধারণ হলেও আপনাদের মোনাজাতে আমাকে কিন্তু রাইখেন।"
তার এই স্ট্যাটাসটি প্রকাশের পর থেকেই সোনারগাঁয়ের রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নেটিজেন ও স্থানীয় যুবসমাজের একটি বড় অংশ সানির এই বক্তব্যকে স্বাগত জানিয়ে মন্তব্য করছেন। সাধারণ মানুষের অভিমত, সানির এই সাহসী বক্তব্য সোনারগাঁয়ের প্রচলিত রাজনীতিতে নতুন হাওয়া দেবে।