গত ২২ নভেম্বর ২০২৫ তারিখে সোনারগাঁও আইডিয়াল কিন্ডারগার্টেন এসোসিয়েশন (SIKA) আয়োজিত বৃত্তি পরীক্ষা সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়। সংগঠনটির অধিভুক্ত মোট ৩৪টি বিদ্যালয়ের মধ্যে ২৬টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশগ্রহণ করে। এতে মোট ৮৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়, যা আয়োজকদের জন্য একটি উল্লেখযোগ্য সাড়া হিসেবে বিবেচিত হয়েছে।
পরীক্ষার ফলাফল গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। প্রকাশিত ফলাফলে দেখা যায়, অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করেছে। এর মধ্যে টেলেন্টপুলে উত্তীর্ণ হয়েছে ১৩৯ জন, প্রথম গ্রেডে ১৮৫ জন এবং জেনারেল গ্রেডে ১৪৯ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
এবারের ফলাফলে বিশেষ কৃতিত্ব দেখিয়েছে সোনারগাঁও খালেক আঞ্জুমান স্কুল। প্রতিষ্ঠানটি শতভাগ সাফল্য অর্জন করে সবার শীর্ষে অবস্থান করেছে। এই বিদ্যালয় থেকে মোট ৮৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে এবং সকলেই বৃত্তি লাভ করে প্রথম স্থান অধিকার করে। এর মধ্যে ৪০ জন টেলেন্টপুলে, ২৭ জন প্রথম গ্রেডে এবং ১৭ জন জেনারেল গ্রেডে বৃত্তি অর্জন করেছে।
বিদ্যালয়ের এই অসাধারণ ফলাফল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টারই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এমন সাফল্য সম্ভব হয়েছে।
এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও পরিচালনা কমিটি আনন্দ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হয়েছে।
সিকা আয়োজিত এই বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে শিক্ষাবিদদের মতামত। প্রতিবছরের মতো এবছরও এই পরীক্ষা শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি এবং শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলেছে।