
নিজস্ব প্রতিবেদন:
নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও মৌজায় খালের জায়গা ভরাট করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী। মীর কবির নামের এক ব্যক্তি এই ভরাট কার্যক্রম পরিচালনা করছেন বলে জানা গেছে।
এলাকাবাসীর অভিযোগ, প্রায় বছরখানেক আগে মীর কবির কামারগাঁও খালের উপর অবস্থিত ব্রিজের পশ্চিম পাশের জায়গা ভরাট করতে গেলে বিষয়টি নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। কিন্তু তখনও তিনি কোনো ধরনের প্রশাসনিক বাধা ছাড়াই রহস্যজনক প্রভাব খাটিয়ে জায়গাটি ভরাট করে ফেলেন।
বর্তমানে আবার তিনি ব্রিজের পূর্ব পাশের খালের জায়গা ভরাট করে সেখানে স্থাপনা নির্মাণের কাজ শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এতে খালের স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং পরিবেশগত ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
এ বিষয়ে মীর কবিরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার ক্রয়কৃত জায়গাতেই কাজ করছি। সার্ভেয়ার দিয়ে জমি মেপে তারপর নির্মাণকাজ শুরু করেছি। প্রয়োজনে আপনারা আমার কাগজপত্র দেখতে পারেন।”
তবে এলাকাবাসী এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে জানান, খালের জায়গা দখল করেই এই ভরাট কার্যক্রম চলছে। বিষয়টি নিয়ে তাঁরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “প্রভাবশালী হওয়ায় মীর কবির বারবার খালের জায়গা ভরাট করছেন। আমরা এর সুষ্ঠু তদন্ত চাই এবং খালটি আগের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাই।”
অভিযোগের বিষয়ে স্থানীয় প্রশাসন এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নিয়েছে কি না—তা জানা যায়নি। তবে এলাকাবাসী সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।