
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ | ২৭ ডিসেম্বর, ২০২৫
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ–৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ মুক্তিজোট মনোনীত প্রার্থী সাংবাদিক জহিরুল ইসলাম সিরাজ।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টায় তিনি সোনারগাঁ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার হাত থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র গ্রহণ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের পর এক প্রতিক্রিয়ায় জহিরুল ইসলাম সিরাজ বলেন, “আমি গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘকাল কলম ধরেছি। এবার সরাসরি জনগণের সেবায় নিয়োজিত হতে মুক্তিজোটের পক্ষ থেকে প্রার্থী হয়েছি। সোনারগাঁয়ের উন্নয়ন ও মানুষের মর্যাদা রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব।”
তিনি আরও বলেন, “সোনারগাঁয়ের মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ এবং সমর্থন প্রত্যাশা করছি।”
এ সময় সাংবাদিক সমাজ ও মুক্তিজোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তার সঙ্গে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ শেষে তিনি উপস্থিত সমর্থকদের নিয়ে সংক্ষিপ্ত কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে একটি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।