
সোনারগাঁ, নারায়ণগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশের সোনারগাঁয়ে যত্রতত্র অটোরিকশা ও সিএনজি চলাচলের কারণে প্রতিনিয়ত বাড়ছে সড়ক দুর্ঘটনার ঝুঁকি। কাঁচপুর বাস স্ট্যান্ড থেকে মেঘনা ঢুল প্লাজা পর্যন্ত দূরপাল্লার বাসের চালক, যাত্রী এবং সাধারণ পথচারীরা এসব ছোট যানবাহনের বেপরোয়া চলাচলে অতিষ্ঠ।
স্থানীয় সূত্রে জানা যায়, কাঁচপুর থেকে মদনপুর হয়ে টিপরদী চৌরাস্তা এবং মেঘনা পর্যন্ত মহাসড়কের ১৫ কিলোমিটারের একটি বড় অংশজুড়ে প্রায়শই উল্টো পথে অটোরিকশা ও সিএনজি চলাচল করে। এতে দূরপাল্লার দ্রুতগামী বাসগুলোর সঙ্গে প্রায়ই এসব ছোট যানের মুখোমুখি হওয়ার ঘটনা ঘটছে, যা বড় ধরনের দুর্ঘটনার কারণ হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় এই ঝুঁকি আরও বেড়ে যায়।
সাধারণ মানুষ অভিযোগ করছেন যে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে যাওয়া বেশিরভাগ দুর্ঘটনার পেছনে উল্টো পথে এসব যানবাহনের চলাচলই প্রধানত দায়ী। অথচ মহাসড়কে অটোরিকশা এবং সিএনজি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা অমান্য করে নিয়মিতভাবে যানগুলো চলছে, এবং এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো কার্যকর তদারকি নেই।
এলাকার বাসিন্দারা বলছেন, এই সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এর ফলে অনেক মূল্যবান জীবনহানি হয়েছে। তারা সংশ্লিষ্ট প্রশাসন ও সড়ক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছেন যাতে মহাসড়কে শৃঙ্খলা ফিরে আসে এবং সাধারণ মানুষের জীবন নিরাপদ হয়।