
হবিগঞ্জ, চুনারুঘাট: হবিগঞ্জ চুনারুঘাট রেমিট্যান্স যোদ্ধা আন্তঃউপজেলা ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে শক্তিশালী বিজয়নগর উপজেলাকে বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সোনারগাঁও উপজেলা। এক শ্বাসরুদ্ধকর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সোনারগাঁও উপজেলা ক্রিকেট দল এই গৌরব অর্জন করে।
আজ (২রা আগস্ট) অনুষ্ঠিত সেমিফাইনালে প্রথমে ব্যাট করে বিজয়নগর উপজেলা নির্ধারিত ১৬ ওভারে ২১৮ রানের বিশাল স্কোর গড়ে তোলে। জবাবে ব্যাট করতে নেমে সোনারগাঁও উপজেলা মাত্র ১২ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অবিশ্বাস্য ব্যাটিং নৈপুণ্যে সোনারগাঁওয়ের ব্যাটসম্যানরা দর্শকদের মুগ্ধ করেন।
এই জয়ের মূল কারিগর ছিলেন সোনারগাঁওয়ের ব্যাটসম্যান সাব্বির, যিনি অসাধারণ ব্যাটিং করে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন। তার অনবদ্য ইনিংসই দলের জয়কে সহজ করে তোলে।
সোনারগাঁও দলের অন্যান্য তারকা খেলোয়াড়দের মধ্যে ছিলেন জোশি, আলমগীর, রাফসান রাজিব, রাফসান হৃদয়, মোশারফ, আশরাফুল, আদিব, নূরে আলম, রিফাত এবং আব্দুর রাজ্জাক। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই এই বিশাল জয় সম্ভব হয়েছে।
সোনারগাঁওয়ের এই ঐতিহাসিক জয়ে সাদাফ সুলতান ফাউন্ডেশন এবং ভাই কিংসের চেয়ারম্যান আল মাহমুদ সানি সোনারগাঁও উপজেলাবাসীকে অভিনন্দন জানিয়েছেন। একই সাথে তিনি সোনারগাঁওয়ের সকল স্তরের বিত্তবানদের প্রতি এই দলের পাশে দাঁড়ানোর এবং তাদের উৎসাহ যোগানোর অনুরোধ করেছেন।
সোনারগাঁও উপজেলা এখন ফাইনালের জন্য প্রস্তুত, এবং পুরো উপজেলাবাসী তাদের বিজয়ের প্রত্যাশায় বুক বাঁধছে।