
শাহাদাৎ হোসেন চৌধুরী,
সোনারগাঁ প্রতিনিধিঃ-
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টা ১০ মিনিটে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল নিয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।
পরে তাদের দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১ হাজার ৯৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার পাঁচোড়া এলাকার আবুল কালাম আজাদ (৩৬) এবং ব্রাহ্মণপাড়া উপজেলার আনন্দপুর এলাকার সবুজ (২৯)।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার দুজন একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবার চালান সংগ্রহ করে মোটরসাইকেলের এয়ার ফিল্টারের বক্সে বিশেষ কৌশলে লুকিয়ে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের বিভিন্ন জেলায় সরবরাহ ও বিক্রি করতেন বলে র্যাব দাবি করেছে।
র্যাব-১১ জানায়, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।