
সোনারগাঁ, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয় ডাকাতকে আটক করেছে র্যাব-১১। একই সময়ে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাকও জব্দ করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, রবিবার (১০ আগস্ট) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাঁচকানির কান্দি এলাকায় অভিযান চালিয়ে মফিজুল ইসলাম ওরফে জামিল বাবু, সাইফুল ইসলাম ওরফে সাকিব, মানিক, সাদ্দাম, সহিদ ও মনির হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাইনিজ কুড়াল, ছুরি, সুইচ গিয়ার এবং দা উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন এসব তথ্য জানান। তিনি বলেন, এই ডাকাত চক্রটি দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ব্রিজের টোলপ্লাজার কাছে কৃত্রিম যানজট তৈরি করে যাত্রীবাহী ও মালবাহী গাড়িতে হামলা চালিয়ে আসছিল। তারা যাত্রী ও চালকদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, স্বর্ণালংকার, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র লুট করত। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই ছয় ডাকাত সদস্যকে আটক করা হয়।
একই রাতে পিরোজপুরের বটতলা এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০১ কেজি গাঁজাসহ একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে। তবে, র্যাবের উপস্থিতি টের পেয়ে গাঁজা বহনকারী দু’জন পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে।