
সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় মরহুম সাখওয়াত হোসেন স্মৃতি সিক্স সাইড ক্রিকেট টুর্নামেন্ট (সিজন-১)-এর শিরোপা জিতেছে সুবর্ণ ক্রিকেট একাডেমি। শনিবার (৩০ আগস্ট, ২০২৫) পিরোজপুর ইউনিয়নের ভার্টি বন্দর মাঠে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এবারের টুর্নামেন্টে মোট আটটি দল অংশগ্রহণ করে। ফাইনালে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুবর্ণ ক্রিকেট একাডেমি।
ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ খাইরুল ইসলাম সজিব। পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য হাজী মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠান পরিচালিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এবং সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালে মুছা। তার বক্তব্যে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চান। একইসঙ্গে, তিনি আজারুল ইসলাম মান্নানকে সোনারগাঁয়ের এমপি হিসেবে কবুল করার জন্য দোয়া প্রার্থনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোনারগাঁও পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন, সজীব, মাসুদ, সেলিম, বাকিবিল্লাহ, সোনারগাঁও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন, আলমাছ, মোগরাপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরিফ সহ স্থানীয় পর্যায়ের অনেক নেতাকর্মী।
মরহুম সাখওয়াত হোসেনের স্মরণে আয়োজিত এই টুর্নামেন্টের সৌজন্যে ছিল সুবর্ণ ক্রিকেট একাডেমি। টুর্নামেন্টটির স্পন্সর ছিল সাদাফ সুলতান ফাউন্ডেশন।