
নারায়নগঞ্জ (সোনারগাঁ) প্রতিনিধি:
বিএসআরএম রডের ওজন কম পাওয়ার অভিযোগে চিটাগাং স্টিলের বিরুদ্ধে দেওয়া লিখিত অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন মোঃ জজ মিয়া। গত ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বিএসআরএমের উত্তরা অফিসের হেড অব সেলস বরাবর দেওয়া এক লিখিত আবেদনে তিনি অভিযোগ প্রত্যাহারের বিষয়টি জানান।
লিখিত প্রত্যাহারপত্রে মোঃ জজ মিয়া উল্লেখ করেন, ১০ হাজার কেজি পণ্যের মধ্যে প্রায় ২০ কেজি কম পাওয়া গিয়েছিল। তবে অন্য স্কেলে ওজন করলে সামান্য তারতম্য হতে পারে। এ নিয়ে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, পরবর্তীতে আলোচনার মাধ্যমে তা অবসান হয়েছে বলে তিনি জানান।
অভিযোগ প্রত্যাহারের কারণ হিসেবে জজ মিয়া আরও উল্লেখ করেন, তাকে ভুল বুঝিয়ে একটি স্বার্থান্বেষী মহল লিখিত অভিযোগ করতে প্রভাবিত করেছিল। পরবর্তীতে প্রকৃত বিষয়টি পরিষ্কার হওয়ায় তিনি আগের অভিযোগ প্রত্যাহার করে নেন।
প্রত্যাহারপত্রে চিটাগাং স্টিলকে ‘সুনামধন্য ব্যবসায়ী প্রতিষ্ঠান’ হিসেবে উল্লেখ করেন মোঃ জজ মিয়া। একই সঙ্গে তিনি প্রতিষ্ঠানটির সাফল্য কামনা করেন।
এর ফলে বিএসআরএম রডের ওজন নিয়ে চিটাগাং স্টিলের বিরুদ্ধে জজ মিয়ার করা পূর্বের অভিযোগটি প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল, আলোচনার মাধ্যমে তারও অবসান হয়েছে বলে প্রত্যাহারপত্রে উল্লেখ করা হয়।
চিটাগাং স্টিল সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়িক লেনদেনে সামান্য ওজনের তারতম্য বা ভুল বোঝাবুঝিকে কেন্দ্র করে যাতে কোনো প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল থাকা প্রয়োজন। জজ মিয়ার অভিযোগ প্রত্যাহারের মাধ্যমে বিষয়টির একটি ইতিবাচক সমাধান হয়েছে।